নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজিত এই শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচলে সাময়িক বিধিনিষেধ ও বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ট্রাফিক নির্দেশনার বিষয়টি জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অতিথিদের বহনকারী যানবাহনের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের যানবাহনকে নির্ধারিত ট্রাফিক নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
ঘোষিত নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
পাশাপাশি শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করতে বলা হয়েছে। প্রয়োজনে বাসগুলোকে অন্য যেকোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
অন্যদিকে হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহনগুলোর ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে যে, সেগুলো জিরো পয়েন্ট থেকে কোনোভাবেই ইউটার্ন নিতে পারবে না। এসব গাড়িকে বাঁয়ে মোড় নিয়ে ফুলবাড়িয়া অথবা ডানে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে হবে। বিকল্প পথ হিসেবে জিরো পয়েন্ট থেকে ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং, শাপলা চত্বর হয়ে ইত্তেফাক রুট ব্যবহারের কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট সড়ক ও সংলগ্ন এলাকায় সাময়িক যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি। একই সঙ্গে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীকে এই নির্দেশনাগুলো মেনে চলার এবং সম্ভব হলে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে বিকল্প পথে যাতায়াতের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

