ইমরান খানের হাসপাতালে স্থানান্তরের খবরে পাকিস্তানে ট্রল ও মিমের বন্যা

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৩:১৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার খবর আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে মিমের বন্যা। এই ঘটনার পরপরই নেটিজেনরা মেতে উঠেছেন নানা ট্রল ও মজার মিম তৈরিতে। তাদের একের পর এক ক্রিয়েটিভ পোস্ট আর ভিডিওর জোয়ারে বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ডিং।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু মিমে দেখা যায়, ব্যবহারকারীরা রসিকতা করে ইমরান খানের কাছাকাছি থাকতে ওই একই হাসপাতালে ভর্তি হওয়ার নানারূপ উপায় খুঁজছেন।

একটি জনপ্রিয় মিম শেয়ার করে এক ব্যবহারকারী নিজেকে হাসপাতালে ভর্তি করানোর ইচ্ছা প্রকাশ করেছেন, তো অন্য একজন রসিকতা করে লিখেছেন-সাবেক এই প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য তিনি দরকার পড়লে সেই হাসপাতালে ঝাড়ুদারের চাকরি নিতেও প্রস্তুত! 

অন্যান্য ব্যবহারকারীরাও নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করতে মজার সব ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, আতশবাজি ফোটানো এক গাড়িতে চড়ে এক ব্যক্তি হাসপাতালের দিকে ছুটছেন। অন্য একটি ভিডিওতে ভারতীয় চলচ্চিত্রের একটি দৃশ্য এডিট করে দেখানো হয়েছে, যেখানে আলুর গাড়ির পাশে ইমরান খান হাসপাতালে পৌঁছাচ্ছেন।

ইমরান খানের হাসপাতাল স্থানান্তরের এই খবরকে ঘিরে ব্যবহারকারীদের এমন নানামুখী রসিকতা ও ভিডিও ক্লিপস এখন সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ জোরেশোরে ঘুরে বেড়াচ্ছে। 

ইত্তেফাক/এসএইচ