ভারতের জয়পুরের একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ জনতার হামলার মুখে পড়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র একটি প্রতিনিধিদল।
শুক্রবার (২১ আগস্ট) রাজস্থানের বগরু বিধানসভা এলাকার রামপুরা কানওয়ারপুরা গ্রামে এই আক্রমণের ঘটনা ঘটে। হামলায় কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার প্রতিক্রিয়া পড়েছে রাজস্থান বিধানসভাতেও, যেখানে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেসের সদস্যরা তীব্র তর্কে জড়িয়ে পড়েন।
পার্টির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে সিজেপির একটি দল গোয়ালঘরে পরিচালিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছিল। গ্রামে পৌঁছানোর পরই কিছু লোক তাদের পথ রোধ করে এবং সিজেপির বিরুদ্ধে নানা স্লোগান দিতে শুরু করে। তারা প্রতিনিধিদলের সদস্যদের ‘আর্বান নকশাল’, ‘দেশবিরোধী’ ও ‘পাকিস্তানি’ বলে গালিগালাজ করে। একপর্যায়ে ধাওয়া করে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়, যার ফলে পরিদর্শনের কাজটি অসম্পূর্ণ রেখেই দলটিকে ফিরে যেতে হয়।
সংবাদমাধ্যমের সামনে আশুতোষ রাঙ্কা দাবি করেন, স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণেই তারা বিদ্যালয়টি দেখতে গিয়েছিলেন। ভ্রমণের বিষয়ে পুলিশকে আগেই জানানো হয়েছিল। তিনি অভিযোগ করেন, স্থানীয় এক বিজেপি নেতার প্ররোচনায় বাইর থেকে আসা কিছু সন্ত্রাসী এই হামলা চালিয়েছে।
তাদের হামলায় সিজেপি কর্মীদের ওপর অত্যাচার করা হয়, মোবাইল ফোন ভেঙে ফেলা হয়, একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দলের এক সদস্যের হাত ভেঙে যায়। একই দলের সদস্য শিবাঙ্গী শর্মা জানান, স্থানীয় লোক হওয়া সত্ত্বেও তাকে ও অন্যান্য নারীদের উত্যক্ত ও শারীরিক লাঞ্ছনা করা হয়েছে।
অপরদিকে, বিজেপির জয়পুরের বিধায়ক স্বামী বালমুকুন্দাচার্য সিজেপির বিরুদ্ধে পরিবেশ বিনষ্ট করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, গ্রামবাসী নিজেরাই সিজেপির উপস্থিতিতে আপত্তি জানিয়েছেন, কারণ তারা শিশুদের শিক্ষাজীবনে কোনো ব্যাঘাত চান না। পাশাপাশি, কিছু স্থানীয় লোক অভিযোগ করেছেন যে তাদের এলাকায় রাস্তাঘাট বা বিদ্যালয়ের মতো মৌলিক উন্নয়ন হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজস্থান বিধানসভায় ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা এই হামলার জন্য বিজেপিকে দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করে রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী জওহর সিং বেধাম জানান, সিজেপির আড়ালে মূলত কংগ্রেসই এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
সূত্র: এনডিটিভি

