পাকিস্তানি অভিনেতা ফাহাদ মুস্তাফাকে ঘিরে আবারও জোরালো হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের পর নতুন করে আলোচনায় এসেছেন ‘কাভি মে কাভি তুম’খ্যাত এই অভিনেতা। ইনস্টাগ্রামে একাধিক বিহাইন্ড দ্য সিন (বিটিএস) ছবি প্রকাশ করেছেন তিনি, যা ঘিরে অনুরাগী ও নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
আসন্ন চলচ্চিত্র ‘আগ লাগে বাসতি মে’-এর শুটিং শুরুর এক বছর পূর্তি উপলক্ষে পোস্টটি দেন ফাহাদ মুস্তাফা। ছবিগুলোতে তার সঙ্গে অভিনেত্রী মাহিরা খানকেও দেখা গেছে। তবে প্রকাশিত একাধিক নেপথ্যের ছবিতে প্রযোজক হিনা আমানের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি হিনা আমানকে ফাহাদের কথিত দ্বিতীয় স্ত্রী দাবি করে গুঞ্জন ছড়িয়েছে।
ফাহাদ মুস্তাফার একটি পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিহাইন্ড দ্য সিনের ছবিগুলো প্রকাশের পরপরই তিনি পোস্টটির কমেন্ট সেকশন বন্ধ করে দেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অনুরাগীদের প্রশ্ন, হিনা আমানের উপস্থিতি ঘিরে সম্ভাব্য আলোচনা এড়াতেই কি মন্তব্যের সুযোগ বন্ধ করে দিয়েছেন অভিনেতা?
প্রযোজক হিনা আমানের সঙ্গে ফাহাদ মুস্তাফার গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার গুঞ্জন নতুন নয়; বিগত প্রায় এক বছর ধরে তাদের বিয়ের আলোচনা বাতাসে ভাসছে। যদিও এই গুঞ্জন নিয়ে ফাহাদ মুস্তাফা কিংবা হিনা আমান দুই পক্ষের কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি বা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
উল্লেখ্য, বাস্তব জীবনে ফাহাদ মুস্তাফা ইতোমধ্যেই বিবাহিত। তার স্ত্রীর নাম সানা ফাহাদ। তাদের সংসারে রয়েছে দুই সন্তান, ফাতিমা ও মুসা। এরই মধ্যে অভিনেতার দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। এ গুঞ্জনের সঙ্গে অতীতের একটি খবরের যোগসূত্র টেনে বিষয়টি নিয়ে আলোচনা করছেন তার ভক্তরা।

