অন্তঃসত্ত্বা অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ফ্রান্সের গ্রিন পার্টি নেতা

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৬:৩৬

ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চালাচ্ছেন গ্রিন পার্টির নেতা মেরিন তন্দলিয়ে। তবে এবারের প্রচারে তার বিশেষ পরিচয় যে তিনি অন্তঃসত্ত্বা। ফ্রান্সের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো প্রার্থীর অংশ নেওয়ার ঘটনা এটাই প্রথম।

৩৯ বছর বয়সী তন্দলিয়ে গত মার্চের শেষ দিকে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। তখন তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে তার গর্ভাবস্থার প্রায় আট মাস চলছে।

তন্দলিয়ের জন্য এই সন্তান বিশেষ অর্থ বহন করছে। এর আগে তার গর্ভপাত হয়েছিল। পরে সহায়ক প্রজনন পদ্ধতি ও ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) এর মাধ্যমে কয়েকবার সন্তান নেওয়ার চেষ্টা করেও সফল হননি তিনি।

বারবার ব্যর্থ হওয়ার পর মা হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তন্দলিয়ে। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান তিনি। এই সন্তানকে তিনি ‘অলৌকিক শিশু’ হিসেবে উল্লেখ করেছেন।

তন্দলিয়ে জানান, প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তবে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার বিষয়ে তার কোনো দ্বিধা ছিল না।

গর্ভাবস্থার কারণে প্রচার থেকে সরে না গিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। তন্দলিয়ের ভাষায়, অন্তঃসত্ত্বা অবস্থায় প্রচার চালানো ‘সত্যিই বড় চ্যালেঞ্জ’। গত জুলাইয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাপপ্রবাহের মধ্যেও ফ্রান্সের বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন তিনি।

রাজনীতিতে মাতৃত্ব ও বন্ধ্যত্বের আলোচনা

তন্দলিয়ের প্রার্থিতা ফ্রান্সের রাজনীতিতে মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্য ও বন্ধ্যত্বের মতো বিষয়গুলোকে নতুন করে আলোচনায় এনেছে।

তিনি বামপন্থী ও গ্রিন পার্টিগুলোর মধ্যে একটি জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে বামপন্থীরা শেষ পর্যন্ত কতজন প্রার্থী দেবে, তা এখনো স্পষ্ট নয়। জনমত জরিপেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তন্দলিয়ের সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত রয়েছে।

লা ত্রিবিউন দিমঁশকে তন্দলিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত বিষয়টি তার কাছে যুক্তিসংগত মনে হবে, ততক্ষণ তিনি নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন।

তার মতে, এই নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে নারীদের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আনার সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে প্রজনন স্বাস্থ্য এবং বন্ধ্যত্বের সঙ্গে নারীদের লড়াই।

২০২৭ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উত্তরসূরি হওয়ার লড়াইয়ে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন তন্দলিয়ে।

 

 
ইত্তেফাক/এসএ