আমরা জিতেছি কি না জানি না, কারণ হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবে দেখি: ট্রাম্প

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১১:৫৬

দক্ষিণ ক্যারোলাইনার এক নির্বাচনী সমাবেশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে আরও বোমা হামলার বিষয়ে রসিকতাও করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ওই সমাবেশে ট্রাম্প হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড' হিসেবে অভিহিত করেন।

সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা জিতেছি কি না, তা-ও জানি না। কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখি।’

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে আলোচনার চেষ্টা চললেও দেশটির জাহাজ চলাচল ও বন্দরগুলোর ওপর মার্কিন সামরিক অবরোধ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে শুক্রবার পর্যন্ত ৬৮টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে পাঠিয়েছে মার্কিন বাহিনী।

নির্বাচনী সমাবেশে নিজের অভিবাসনবিরোধী বক্তব্যে নিয়মিত ব্যবহৃত ‘দ্য স্নেক’ কবিতা পাঠের আগে ইরানে আরও হামলার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি বলেন, ‘শুক্রবার রাত। আমাদের হাতে প্রচুর সময় আছে। আমাকে আর কী করতে হবে? ফিরে গিয়ে ইরানের ওপর আরেকটু বেশি বোমা ফেলতে হবে?’

প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো শান্তিচুক্তি হয়নি। ট্রাম্প প্রশাসন ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার পাশাপাশি দেশটির তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করছে।

ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথ দিয়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয়।

এর আগে গত সপ্তাহেও হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। পরে নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রণালিটি অবরোধ করে রেখেছে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে প্রবেশ করতে পারে না।

সোমবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবরোধের মাধ্যমে আমরা এটিকে নিয়ন্ত্রণ করছি। আর এটিকে একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ধারণাটি আমার পছন্দ।’

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি মানচিত্রেও হরমুজ প্রণালিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেন তিনি। তবে ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি মন্তব্যটিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

ইত্তেফাক/এসজেএস