ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর সবুজায়ন কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ৫৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।
তিনি বলেন, পুরো দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাকে সবুজায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
একই সঙ্গে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান শফিকুল ইসলাম খান। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় ডিএনসিসি প্রশাসক নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে নয়, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
