২০৩০ পর্যন্ত স্পেনের দায়িত্বে ফুয়েন্তে

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৩:২৩

২০২৬ ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক শিরোপা জয়ের পর স্প্যানিশ ফুটবলের সফল প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেকে বিশাল নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। মরক্কো ও পর্তুগালের সাথে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। তাই ২০২৮ সাল পর্যন্ত থাকা দে লা ফুয়েন্তেসের বর্তমান চুক্তি বাড়িয়ে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত তাকে ডাগআউটে রেখে দিতে চায় দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ৬৫ বছর বয়সি এই অভিজ্ঞ কোচের অধীনে স্পেন নিজেদের ইতিহাসে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে।

দে লা ফুয়েন্তের সর চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলা শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন আরএফইএফ-এর সভাপতি রাফায়েল লুজান। রেডিও নাসিওনাল দে এস্পানিয়াকে (আরএনই) দেওয়া এক সাক্ষাৎকারে লুজান জানান, জাতীয় দলের সকল স্তরে দেলা ফুয়েন্তেসের একাগ্রতা, নম্রতা, সাধারণ জীবনযাপন এবং চমৎকার নেতৃত্ব তাকে এই সম্মান ও পুরস্কার এনে দিচ্ছে। 

লুজান স্পষ্ট করে বলেন যে, ২০২৮ সাল পর্যন্ত দে লা ফুয়েন্তেসের মেয়াদ রয়েছে। তবে সংস্থাটি ইতিমধ্যে তার চুক্তি ২০৩০ বিশ্বকাপ বা তার পর পর্যন্ত বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে, কারণ ঘরের মাঠের সেই বিশ্বকাপে দেলা ফুয়েন্তেকে দলের অংশ হিসেবে রাখা অত্যন্ত জরুরি। দে লা ফুয়েন্তের অসাধারণ কর্মক্ষমতা এবং একঝাঁক অবিশ্বাস্য খেলোয়াড়ের সম্মিলিত প্রচেষ্টাতেই স্পেনের এই অবিস্মরণীয় সাফল্য এসেছে বলে মনে করেন লুজান।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এই চুক্তি সম্প্রসারণের সিদ্ধান্ত এসেছে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি নিজেদের মাঠে আয়োজনের বড় লক্ষ্যকে সামনে রেখে। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথ আয়োজক হলেও মেগা ফাইনালটি নিজেদের দেশের স্টেডিয়ামে অনুষ্ঠিত করতে অত্যন্ত মরিয়া স্পেন। একই সঙ্গে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি ২০৩০ সালের ফাইনাল আয়োজক হিসেবে স্পেনের দাবিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি শক্তিশালী করেছে। আরএফইএফ সভাপতি লুজানের মতে, বিশ্ব ফুটবলের এত বড় আসরের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত না হওয়াটা অত্যন্ত অস্বাভাবিক একটি বিষয় হবে।

ইত্তেফাক/জেডএইচ