এশিয়ান গেমস হকির চূড়ান্ত দলে জিমি-রাকিন দুই ভাই

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৪:০৭

ক্লাব পর্যায়ে এক দলে খেলেছেন দুই ভাই রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ রাকিন। তাদের স্বপ্ন ছিল একসঙ্গে জাতীয় দলে খেলা। সেই স্বপ্ন উজ্জ্বল হয়েছে এই দুই ভাইয়ের। এশিয়ান গেমসের ১৮ জনের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন জিমি-রাকিন। 

এর আগেও জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি রাকিনের। এবার ভাইয়ের সঙ্গে একই স্কোয়াডে জায়গা করে নিয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসান হলো তার।

বাংলাদেশের হকির কিংবদন্তি আব্দুর রাজ্জাক সোনা মিয়ার ছেলে জিমি ও রাকিন। বাবার হাত ধরেই দুই ভাইয়ের হকিতে আসা। জিমি বাংলাদেশের হকির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। রাকিন ক্লাব পর্যায়ে নজর কেড়ে ঢুকলেন জাতীয় দলে।

এশিয়াডের আগে অনুশীলন ম্যাচ খেলতে জার্মানিতে দল পাঠানোর চেষ্টা চালাচ্ছিল হকি ফেডারেশন। তবে এখনো ভিসা মেলেনি। বিকল্প ভাবনাও আছে ফেডারেশনের। জার্মানি যাওয়া না হলে চীন পাঠানো হতে পারে জিমিদের।

১৮ সদস্যের বাংলাদেশ হকি দল: বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, রোমান সরকার, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা মিমো, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ শফিকুল, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান রকি।

ইত্তেফাক/জেডএইচ