এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, ইরানের হুঁশিয়ারি 

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৬:৫৮

ইরানের ওপর যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। শনিবার (২২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। আগে দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক ছিল। এখন তা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানের দিকে সরে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করে বলেছেন, এর মানে এই নয় যে ইরান শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালাবে। তিনি বলেন, আমাদের ওপর কোনো আগ্রাসন হলে আমরা সঙ্গে সঙ্গে এর জবাব দেব। আর সেই জবাব হামলার চেয়েও বড় পরিসরে হবে।

তিনি জানান, আগের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা মেরামত করা হয়েছে এবং নতুন কিছু সামরিক সরঞ্জামও বাহিনীতে যোগ করা হয়েছে। শত্রু আবার কোনো ভুল হিসাব করলে আগের চেয়েও ভয়াবহ জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, বলেন তিনি।

সামরিক বাহিনীর নেতৃত্ব কাঠামোয় সাম্প্রতিক পরিবর্তনের লক্ষ্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং আরও দ্রুত সামরিক প্রতিক্রিয়া জানানো বলেও জানান আকরামিনিয়া। তিনি বলেন, যুদ্ধবিরতি ও সাময়িক নীরবতার সময়ও ইরান কোনো মুহূর্ত নষ্ট করেনি। কারণ আমরা শত্রুকে মোটেও বিশ্বাস করি না।

এছাড়া তিনি বলেন, যুদ্ধের পর হরমুজ প্রণালি ইরানের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রভাব অর্জন করেছে। একই সাথে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতাকে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।

ইত্তেফাক/এবিএস