ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতের জায়গায় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ।
ভারত সরে দাঁড়ানো আসিয়ান কাপে খেলতে শেষ মুহূর্তে সুযোগ আসে বাংলাদেশের কাছে। টুর্নামেন্টে খেলতে আগ্রহও প্রকাশ করে বাফুফে। তবে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। সেই অনুমোদনই এখন মিলেছে। শনিবার (২২ আগস্ট) কার্যনির্বাহী কমিটির সভায় তা নিশ্চিত করে বাফুফে।
আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে মনোযোগ দেওয়ায় আসিয়ান থেকে নাম প্রত্যাহার করেছে তারা। ভারত নাম প্রত্যাহার করায় সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য দলগুলো অর্থ পাবে। যাতায়াত ও আবাসন সকল খরচই আয়োজকরা বহন করবে। তাই বাফুফের তেমন কোনো খরচ হচ্ছে না।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়াতে ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত ছিল 'এ' গ্রুপে। ভারতের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পাওয়ায় 'এ' গ্রুপেই থাকার কথা তাদের। এই গ্রুপে অন্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

