খেলতে খেলতেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:২৮

ফুটবলের মাঠে খেলতে খেলতেই প্রাণ গেল ওয়েস্ট ব্রমের সাবেক মিডফিল্ডার কুইভিন কাস্ত্রোর। লিসবনে এক প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছেন ২৫ বছর বয়সের এই পর্তুগিজ ফুটবলার।

বিবিসির প্রতিবেদন অনযায়ী, শনিবার (২২ আগস্ট) পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিরুদ্ধে প্রীতি ম্যাচটি খেলছিলেন কাস্ত্রো। খেলার একপর্যায়ে আচমকাই মাঠে পড়ে যান তিনি। চিকিৎসাসেবা দেওয়ার আগেই মাঠেই তার মৃত্যু হয়।

মর্মান্তিক এই ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়। 

লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘হৃদয়বিদারক এই মুহূর্তে কেভিনের পরিবার, বন্ধু-বান্ধব ও সংশ্লিষ্ট ক্লাবের প্রতি পর্তুগিজ ফুটবলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি।’ শোক প্রকাশ করেছে রিয়াল স্পোর্ট ক্লাব ও এস্ত্রেলা দা আমাদোরাও।

২০২১ সালে ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেওয়ার পর ক্লাবটির মূল দলেও খেলেছিলেন কাস্ত্রো।

লিগ কাপে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সিনিয়র ফুটবলে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলে ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন এই মিডফিল্ডার।


কাস্ত্রোর অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত সাবেক ক্লাব ওয়েস্ট ব্রম। বার্নলির বিপক্ষে ম্যাচে দলের খেলোয়াড় ও স্টাফরা হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। 

ইত্তেফাক/পিএস