পদ্মায় ভাসছিল শাখা-নূপুর পরা নারীর মরদেহ

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৩:৫৭

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটির দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা চুড়ি, বাঁ হাতে ট্যাটু এবং দুই পায়ে নূপুর রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

এর আগে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলার সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজারসংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ৮টার দিকে নৌ-পুলিশের ফরিদপুর কোতয়ালী ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বিপুল বলেন, সন্ধ্যায় স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে তাকে জানান। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মুনসুর আলী জানান, মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগ রয়েছে। দুই হাতে শাখা চুড়ি, বাঁ হাতে সনাতন ধর্মসংক্রান্ত একটি ট্যাটু এবং দুই পায়ে নূপুর রয়েছে। এছাড়া গলার অংশে কাটার চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

ফরিদপুর নৌ-পুলিশের ওসি শফিকুল ইসলাম বলেন, “মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটির দুই হাতের আঙুল পচে যাওয়ায় এবং মাছ খেয়ে ফেলায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি