অস্ত্রোপচারের পর কেমন আছেন কার্তিক আরিয়ান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৪:৪৫

শুটিং সেটে গুরুতর চোট পাওয়ার পর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, পরিচালক কবীর খানের নতুন ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন হাঁটুতে চোট পান কার্তিক। শারীরিকভাবে বেশ কঠিন এই চরিত্রের জন্য দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ নিচ্ছিলেন অভিনেতা। কিন্তু শুটিংয়ের সময় আচমকাই ঘটে বিপত্তি। কার্তিকের মুখপাত্র জানিয়েছেন, তার হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাড়িতে থেকেই বিশ্রাম ও সুস্থতার দিকে নজর দিচ্ছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবার শুটিংয়ে ফিরবেন অভিনেতা।

কবীর খানের এই নাম-ঠিক না হওয়া ছবিতে কার্তিককে দেখা যাবে একজন কিকবক্সিং কোচের ভূমিকায়। ছবির গল্প অনুপ্রাণিত বাস্তব জীবনের কিকবক্সার তাজামুল ইসলামের কাহিনি থেকে। ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর পর কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় কাজ। এই চরিত্রের জন্য কার্তিককে কঠোর শারীরিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে অ্যাকশন দৃশ্যগুলোও বেশ চ্যালেঞ্জিং বলে জানা গেছে।

হাঁটুর চোটের কারণে আপাতত শুটিং থেকে বিরতি নিতে হয়েছে কার্তিককে। তবে তার সুস্থতার গতি অনুযায়ী খুব শিগগিরই সেটে ফেরার সম্ভাবনা রয়েছে। ঠিক কবে তিনি শুটিং শুরু করবেন, তা এখনই নিশ্চিত করা হয়নি। এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও নতুন অধ্যায় শুরু করছেন কার্তিক। তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ডোপামিন স্টুডিওস’-এর ব্যানারে এটি হতে যাচ্ছে তার প্রযোজিত প্রথম ছবি।

ইত্তেফাক/পিএস