প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত ও বিভাগীয় কর্মশালায় পাওয়া ফিডব্যাকের ভিত্তিতে এ নীতিমালা তৈরি করা হবে বলে জানান তিনি।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে তিনটি বিভাগে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে ভালো ফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগে কর্মশালা শেষ করা হবে। কর্মশালাগুলো থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে দেশব্যাপী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা আয়োজন করা হচ্ছে। এসব কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে কীভাবে পরিচালনা করতে চায়, সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতও নেওয়া হচ্ছে।
ববি হাজ্জাজ বলেন, কর্মশালা থেকে পাওয়া ফিডব্যাকের আলোকে যে নতুন নীতিমালা তৈরি হবে, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেই নীতিমালার আলোকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘উচ্চ শিক্ষার বাংলাদেশ আমরা গড়তে চাই। সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষক সবাই কাজ করছেন। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে এর প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থা।’
কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

