ভবন নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৮:০৩

নেত্রকোণার দুর্গাপুরে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের জন্য শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। 

রোববার(২৩ আগস্ট) দুপুরে বিরিশিরি কালচারাল একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এবতেদায়ি ৫ম শ্রেণি, ৮ম শ্রেণি সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শুধু নতুন ভবন নির্মাণ করলেই হবে না; শিক্ষার্থীরা যাতে প্রকৃত অর্থে মানসম্মত শিক্ষা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’

শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে পাঠদান করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে এবতেদায়ি ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণি সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৭৬ জন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সংবর্ধনা দেয়া হয়।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

ইত্তেফাক/এনএ