বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২০:০৭

বিশ্বব্যাংকের বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আবদুর রহমান খানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

মো. আবদুর রহমান খান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে নতুন এ দায়িত্বে যোগ দেবেন তিনি।

২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. আবদুর রহমান খান। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়।

ইত্তেফাক/আরএইচ