জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
সাংবাদিকদের বলেন, আজ দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক নোটিশ দিয়ে তাদের ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা গেছে, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক দুটি আদেশে তাদের নিজ, স্ত্রী-স্বামী ও নির্ভরশীলদের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দিতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের দায়, আয়ের উৎস ও কীভাবে এসব সম্পদ অর্জন করেছেন, তার বিবরণও দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফরমে তাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে।
দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিবরণীতে কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া হলেও দুদক আইনের ২৬(২) ধারায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী ফারজানা রুপা ছিলেন চ্যানেলটির বিশেষ প্রতিবেদক। ২০২৪ সালের ৮ আগস্ট দুজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয় একাত্তর টেলিভিশন। পরে একই বছরের ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

