বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০১:২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এসব এলাকায় সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবান কে এস আই মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সরকারের কিছু জেলা আছে যেমন আমি যদি নাম ধরে বলি কুড়িগ্রাম, লালমনিরহাট, ভোলা, পঞ্চগড়, পার্বত্য তিনটা জেলা এইরকম ৮/১০টা জেলা আছে, সরকারের কোনো অফিসার কর্মকর্তা কর্মচারী যুদ অপরাধ করে দুর্নীতিগ্রস্ত হয়, কোন জায়গায় তার সমস্যা হয় তখন তাদেরকে এই জেলাগুলোয় তাদেরকে পাঠিয়ে দেয় শাস্তিস্বরূপ ট্রান্সফার হিসেবে। 

সারজিস আলম বলেন, সমতলের তুলনায় বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা নির্বাহ অনেক বেশি কষ্টসাধ্য। যারা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করেন, সেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন করা হলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

সভায় বান্দরবান জেলা নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

ইত্তেফাক/এমএস