বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৪

বগুড়া সদর উপজেলার আশোকোলা এলাকায় সাইফুল ইসলাম নামে ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বাঘোপাড়া বাজারে কয়েকজনের সঙ্গে চা পান শেষে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। আশোকোলা সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। যুবকদের সঙ্গে সাইফুল ইসলামের পূর্বপরিচয় ছিল। এ কারণে তিনি তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন।

একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলামকে রাস্তার পাশের একটি জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

ইত্তেফাক/এসজে