ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, বিক্রি ৩৩.৫ লাখ ডলারে

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০:৩১

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ব্যবহৃত বলটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন্সের আয়োজনে বলটি বিক্রি হয়।

হেরিটেজ অকশনসের তথ্যমতে, ১৯৮৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো ম্যারাডোনা বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোল এবং প্রশংসিত একক প্রচেষ্টায় ব্যবহৃত বলটি নিলামে ৩.৩৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

আর্জেন্টিনার ২-১ গোলে জেতা কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্যবহৃত হয়েছিল অ্যাডিডাসের ‘অ্যাজটেকা’ বলটি। ওই ম্যাচেই ম্যারাডোনা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দুটি গোল করেন।

ম্যাচের প্রথম গোলটিই পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। গোলরক্ষক পিটার শিল্টনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠাতে ম্যারাডোনা বাঁ হাত ব্যবহার করেছিলেন। তবে ম্যাচ কর্মকর্তারা গোলটি বৈধ ঘোষণা করেন।

এর মাত্র চার মিনিট পর নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক পাঁচ ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। পরবর্তীতে গোলটি ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।

হেরিটেজ অকশন্স জানিয়েছে, ম্যাচ চলাকালীন তোলা ছবির সঙ্গে মিলিয়ে বিশেষজ্ঞরা বলটির পরিচয় নিশ্চিত করেছেন। নিলামের আগে বলটির সম্ভাব্য মূল্য অন্তত ১ কোটি ডলার ধরা হয়েছিল। সেই হিসাবে ৩৩ লাখ ৫০ হাজার ডলারের বিক্রিমূল্য প্রত্যাশার তুলনায় অনেক কম।

ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের ৩৬ বছর ধরে বলটি নিজের কাছে রেখেছিলেন। ২০২২ সালে লন্ডনের একটি নিলামে বলটি ২০ লাখ পাউন্ড বা প্রায় ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

ওই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিও ২০২২ সালে সোথবির নিলামে প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়।

তবে এবারের বিক্রি কোনো ক্রীড়া বলের নিলাম রেকর্ড গড়তে পারেনি। ২০২৪ সালে মেজর লিগ বেসবলের ঐতিহাসিক মৌসুমে শোহেই ওতানির ৫০তম হোম রান করা বল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

আর সব ধরনের ক্রীড়া স্মারকের নিলাম রেকর্ড এখনো বেবে রুথের জার্সির দখলে। ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজের তৃতীয় ম্যাচে পরা নিউইয়র্ক ইয়াঙ্কিজের কিংবদন্তি খেলোয়াড়ের সেই জার্সি ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি করে হেরিটেজ অকশন্স।

ইত্তেফাক/পিএস