দুই দিনও পূর্ণ হয়নি, এর মধ্যেই শেষ হয়ে গেছে ম্যাকাই টেস্ট। অস্ট্রেলিয়া যেন নিজেদের পরিকল্পনামতোই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। টস জিতে বোলিং নিয়ে বাংলাদেশের ব্যাটারদের শুরু থেকেই চাপে রাখে স্বাগতিকেরা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করার পর অস্ট্রেলিয়া করে ২১০ রান। এরপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৯৫ রানে। এত দ্রুত ম্যাচ শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই ম্যাকাইয়ের পিচ নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সেই প্রশ্নের দিকে সন্দেহের চোখে তাকিয়েছেন সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও।
অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় ইনিংস ও ৫১ রানে বাংলাদেশকে হারিয়েছে। অথচ ডারউইনে তারাই সফরকারীদের কাছে নতজানু ছিল। ইংল্যান্ডের সাবেক পেসার ব্রড অস্ট্রেলিয়ার বোলারবান্ধব পিচ প্রস্তুতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ইউটিউব চ্যানেল ফর দ্য লাভ অব ক্রিকেট-কে তিনি নিজের অনুভূতি জানান।
ব্রডের মতে, এই ধরনের পিচ শক্তিশালী সফরকারী দলগুলোর বিপক্ষে অস্ট্রেলিয়ার জন্য অযাচিত ঝুঁকি তৈরি করবে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ ১-১ এ ড্র করেছে। কিন্তু এনিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। স্টার্ক আবারও দানবীয় ছিল, বল সুইং করিয়েছে, পিচের সব জায়গায় বল বাউন্স ও সুইং করছিল।’
তিনি বলেন, ‘আমার মতে, আপনি যদি দল হিসেবে মনে করেন প্রতিপক্ষের চেয়ে আপনার খেলোয়াড়রা শক্তিশালী হোক, তবে ফ্ল্যাটার পিচে খেলা উচিত। যদি বাংলাদেশ টস জিতত এবং বোলিং নিতো, তাহলে তারা অস্ট্রেলিয়াকে ৬০ রানে অলআউট করত এবং তাদের বিরাট বিপদে রাখত। পিচটি বেশি ওঠানামা করার কারণে এটা ছিল ঝুঁকিপূর্ণ।’
ম্যাকাই টেস্ট শেষ হয়েছে মাত্র ৭৫০ বলে। ১৯৩২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্ট। ঘরের মাঠে সর্বশেষ সাত টেস্টের মধ্যে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় দুই দিনের ম্যাচ। এর আগে সর্বশেষ অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্টও দুই দিনেই শেষ হয়েছিল।

