সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠেয় ওরস বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও থানায় স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা।
রোববার ‘তৌহিদি জনতা’র ব্যানারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার মডেল থানায় স্মারকলিপি দেওয়া হয়। এতে জাবের আল জাহাঙ্গীরের বিরুদ্ধে ওরসকে কেন্দ্র করে ইসলামবিরোধী ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
স্মারকলিপিতে হেফাজতে ইসলাম, বিএনপি, যুবদল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বাক্ষর করেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেন, জাবের আল জাহাঙ্গীরের সঙ্গে তাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তবে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। তার দাবি, ওরসের নামে ইসলামবিরোধী কোনো কার্যক্রম হয়ে থাকলে তা বন্ধ করা প্রয়োজন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কাজী জাবের আল জাহাঙ্গীর। তিনি বলেন, তাকে নিয়ে ধর্মীয় বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রায় ১৯ বছর ধরে তার বাবার ওফাত উপলক্ষে বাড়িতে ঘরোয়াভাবে ওরস হয়ে আসছে। এবারও বাড়ির সীমানার ভেতরেই অনুষ্ঠান হবে এবং বাইরে কোনো প্যান্ডেল বা মাইক ব্যবহার করা হবে না।

