বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আট জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলার আট জেলেকে উদ্ধার করে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এফবি বরকত ট্রলারটি ১৩ জেলেকে নিয়ে শুক্রবার মাছ ধরতে সাগরে যায়। সোমবার দুপুরে প্রবল ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়। পরে আট জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ পাঁচ জেলের মধ্যে মো. বেলাল, মো. নুর আলম ও মো. ইব্রাহিম এই তিনজনের পরিচয় জানা গেছে। তারা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
নিখোঁজ জেলেদের উদ্ধারে এফবি জহুরা খাতুন নামের একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

