২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাদ্রাসার আলিম শ্রেণিতে ভর্তির জন্য বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আবেদন, ফল প্রকাশ, ভর্তি নিশ্চিতকরণ ও ক্লাস শুরুর তারিখসহ পুরো ভর্তি প্রক্রিয়ার সময়সীমা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বোর্ডের অধীন মাদ্রাসাগুলোতে আলিম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুসরণ করতে হবে। ভর্তির যাবতীয় কার্যক্রম নির্ধারিত ওয়েবসাইট প্যানেলে মাধ্যমে সম্পন্ন করতে হবে।
সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফল পাওয়া শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে যাদের ফল পরিবর্তন হবে, তাদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নতুন করে আবেদন করার সুযোগ থাকবে। একই সময়ের মধ্যে পছন্দক্রম সংশোধনও করা যাবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এ জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে। সব প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে আলিম শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

