সরকারি দপ্তরের চেয়ার-টেবিল-সোফার পেছনে জাতীয় পতাকা নয়: হাইকোর্ট

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৯:৫০

সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার, টেবিল বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহারের প্রচলন নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একই সঙ্গে আইন ও বিধিমালা অনুসরণ না করে এভাবে পতাকা প্রদর্শন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে একটি রুল জারি করা হয়েছে।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী। রিটটি দায়ের করেন আইনজীবী শরিফ সরকার।

রুলে সরকারি কর্মকর্তাদের চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন এবং পতাকার সামনে বসা বা অবস্থান করার বিষয়টি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

পাশাপাশি সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পাশে কিংবা পেছনে বিধিবহির্ভূতভাবে জাতীয় পতাকা ব্যবহারের প্রবণতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশের পর আইনজীবী সানজিদ সিদ্দিকী বলেন, সম্প্রতি বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের চেয়ার বা টেবিলের পেছনে জাতীয় পতাকা রাখার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে কর্মকর্তারা পতাকাকে পেছনে রেখে বসছেন, যা প্রচলিত বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিই রিটে প্রশ্ন তোলা হয়েছে।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী নির্দিষ্ট ১৫ শ্রেণির ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে তাদের দপ্তর, বাসভবন ও যানবাহনে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন। কিন্তু সরকারের অধীন বিভিন্ন দপ্তর, করপোরেশন ও কর্তৃপক্ষের কর্মকর্তাদের চেয়ার বা টেবিলের পেছনে সব সময় পতাকা প্রদর্শনের অনুমতি আইনে নেই।

তিনি আরও বলেন, বিধিমালায় কোনো ভবনে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তা প্রদর্শনের কথা বলা হয়েছে এবং পতাকাটি মুক্তভাবে উড়ন্ত অবস্থায় থাকার কথা। অথচ অনেক অফিসে পতাকাকে বাঁকানো বা স্থিরভাবে চেয়ারের পেছনে সাজিয়ে রাখা হচ্ছে।

এ বিষয়ে বাস্তব পরিস্থিতি ও জাতীয় পতাকা ব্যবহারের বিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিবকে কমিটি গঠন করতে বলা হয়েছে।

কমিটিতে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

প্রতিবেদনে সরকারি অফিসে জাতীয় পতাকার বর্তমান ব্যবহার জাতীয় পতাকা-সংক্রান্ত আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পর্যালোচনা করে জানাতে হবে।

ইত্তেফাক/এসজেএস