দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আলোচনা এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের বাংলাদেশ সম্ভাব্য সফর নিয়ে। ব্রাজিল ফুটবল দলের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই রাজধানীসহ দেশের দুটি ভেন্যু পরিদর্শন করে বাফুফেকে কিছু পর্যবেক্ষণ দিয়েছে। এদিকে ব্রাজিলের সফর নিয়ে সরকার কোনো অর্থ ব্যয়ের মানসিকতায় নেই বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
ভারতে ব্রাজিলের ম্যাচ আয়োজনে বড় অঙ্কের খরচ ও অভ্যন্তরীণ সমালোচনা, পাশাপাশি দেশে চলমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সরকারের অবস্থান স্পষ্ট করে আমিনুল হক বলেন, ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারে পক্ষ থেকে...এ ধরনের অর্থ ব্যয় করে...যেহেতু আপনারা জানেন...বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’
পাশাপাশি বাফুফের সঙ্গে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধিদলের), তারা যদি বিভিন্ন স্পনসর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
ব্রাজিল সফরের বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়া এবং সরকারের কাছে বাফুফের সহযোগিতার প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টা (ব্রাজিলের ঢাকা আসার সম্ভাবনা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি।’
একইসঙ্গে ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি বলেও জানান এই ক্রীড়া প্রতিমন্ত্রী।

