ফেনীর সোনাগাজীতে কথিত পরকীয়ার অপবাদ দিয়ে চার সন্তানের জননী এক নারী ও দুই সন্তানের জনক এক পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় তাদের ওপর নির্যাতন চালানো হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
অভিযোগ রয়েছে, নির্যাতনের পাশাপাশি ওই নারীকে তার স্বামীর সঙ্গে সংসার না করার জন্য বিয়ে বিচ্ছেদের ‘ফরমান’ও জারি করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ, এলাকাবাসী এবং ভুক্তভোগীরা জানান, সোনাগাজী পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার সঙ্গে আত্মীয়তার সূত্রে চরচান্দিয়া ইউনিয়নের ভুঁইয়া বাজারসংলগ্ন এলাকার অলি মাঝি বাড়ির এরশাদউল্লাহ ওই নারীর বাড়িতে যান। রাত সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন ছুটে এসে তাদের শারীরিক নির্যাতন চালিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। দুপুরের দিকে ওই নারীর সঙ্গে তার স্বামীর বিয়ে ভাঙার ফরমান জারি করা হয়। এভাবে বিকাল ৪টা পর্যন্ত তাদের ওপর চলে শারীরিক নির্যাতন। সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

