ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে, সড়ক অবরোধ স্থানীয়দের

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাসচাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের সেনাসদস্য সোহেল কাজীর স্ত্রী। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে সোহেল কাজী তার স্ত্রী তুলিকে মোটরসাইকেলে নিয়ে নড়াইল থেকে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুলি নিহত হন। গুরুতর আহত সোহেল কাজীকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ওই সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে বাইপাস সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইত্তেফাক/এএইচপি