জন্মদিনে সুখবর দিলেন আশফাক নিপুণ, আসছে মহানগর-৩

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৩:২৮

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। নির্মাতা আশফাক নিপুণের জন্মদিনে মিলেছে সিরিজটির তৃতীয় সিজন নির্মাণের ইঙ্গিত।

দেশে ওয়েব সিরিজের জনপ্রিয়তা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ‘মহানগর’ প্রথম মুক্তি পায় ২০২১ সালে। দুই বছর পর আসে দ্বিতীয় সিজন। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের কারণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিরিজটি।

দ্বিতীয় সিজনের শেষেও তৃতীয় কিস্তির ইঙ্গিত দেওয়া হয়েছিল। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ‘মহানগর ৩’ নিয়ে নির্মাতার পক্ষ থেকে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। আশফাক নিপুণ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করলেই দর্শকদের বড় একটি অংশ সেখানে তৃতীয় সিজন নিয়ে প্রশ্ন করতেন।

এর মধ্যে একবার সিরিজটির কাজ শুরুর খবরও প্রকাশ্যে আসে। পরে জানা যায়, বাজেট সংকটের কারণে হইচই বাংলাদেশ তখন ‘মহানগর ৩’ নির্মাণ করতে পারছে না।

তবে এবার সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিয়েছেন খোদ নির্মাতা। বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। সেখানে জন্মদিনের শুভেচ্ছা জানানোর আহ্বান জানিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

কোন স্ক্রিপ্টের কথা বলছেন, সেটিও অবশ্য গোপন রাখেননি নিপুণ। ভিডিওতে তিনি নিজের কণ্ঠে ‘মহানগর’ এর পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান। এতেই দর্শকদের কাছে স্পষ্ট হয়ে যায়, তৃতীয় সিজনের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা।

তবে ‘মহানগর ৩’ এর শুটিং কবে শুরু হবে কিংবা সিরিজটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানানো হয়নি।

সিরিজটির প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মোশাররফ করিম। তৃতীয় সিজনেও তাকে একই চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি নতুন সিজনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে।

 
ইত্তেফাক/এসএ