দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৪:২৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের মধ্যে দুজন মহাপরিচালক এবং একজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মহাপরিচালক (মানিলন্ডারিং) পদ থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে মহাপরিচালক (বিশেষ তদন্ত) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে পরিচালক (অর্থ ও হিসাব) পদ থেকে পরিবর্তন করে পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) পদে বদলি করা হয়েছে।

দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ওই আদেশেই তিন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।

 

 
ইত্তেফাক/এসএ