মোজতবা খামেনি মারা গেছেন বলে মনে করেন না ট্রাম্প

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২১:২৫

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মারা গেছেন বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি গুরুতর আহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন ট্রাম্প।

মার্কিন ভাষ্যকার গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, মোজতবা খামেনি মারা গেছেন বলে তিনি মনে করেন না। তবে যদি তিনি মারা গিয়ে থাকেন, তাহলে ইরানি কর্মকর্তারা বিষয়টি গোপন রাখতে বেশ দক্ষতার সঙ্গে অভিনয় করছেন।

ট্রাম্পের ভাষ্য, ইরানি কর্মকর্তারা বিভিন্ন সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদনের জন্য এখনো মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগের কথা বলছেন। এ কারণেই তার মৃত্যুর খবর নিয়ে তিনি সন্দিহান।

তবে ট্রাম্প মনে করেন, ইরানের সর্বোচ্চ নেতা গুরুতরভাবে আহত হয়ে থাকতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। ওই হামলায় তার বাবা ও ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে কয়েক মাস ধরেই নানা ধরনের জল্পনা রয়েছে।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/এবিএস