অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইলের ধোন্দা ও রঘুনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)।
ডিবি সূত্র জানায়, চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করতেন। বিজ্ঞাপনে সাড়া দেওয়া ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হতো। এরপর কথাবার্তার মাধ্যমে ক্রেতাকে অস্ত্র দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতার নম্বর বা অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতো।
ডিবি জানায়, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণকালে ‘সোনালি পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়।
পরে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নড়াইল জেলার সদর থানাধীন ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চক্রটির সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

