দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কুমারভোগ এলাকায় ‘সাবরিনা মঞ্জুর’ নামের একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঝড়ে মানুষের ঘরবাড়ি ভেঙে গেলে যেমন প্রথমে ঘর তৈরি ও খাবারের ব্যবস্থা করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারও ঠিক সেই কাজটিই করেছিল বলে উল্লেখ করেন তিনি। এখন বর্তমান সরকার সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও ভালোভাবে কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না এবং সে সময় ফ্যাসিস্টরা বিভিন্নভাবে মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল। তবে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় তাদের গ্রহণযোগ্যতা যেকোনো সরকারের চেয়ে অনেক বেশি।
সমাজের বড় দুই সমস্যা হিসেবে দুর্নীতি ও মাদককে চিহ্নিত করে তিনি বলেন, সমাজে মাদকাসক্তি বাড়ছে। শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা এবং বিকেলে খেলাধুলায় যুক্ত থাকলে সহজেই মাদক থেকে দূরে থাকতে পারবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে লাইব্রেরিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিমুলিয়া মুকুট মঙ্গল ক্লাবের সভাপতি জিয়াউর ইসলাম মাসুদ শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরুজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, আতাউর রহমান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

