ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নামের তালিকা পাওয়ার পরই কমিটিগুলোর গঠন চূড়ান্ত করা হবে।

তিনি জানান, অধিবেশনটি স্বাভাবিকভাবে ৫ থেকে ১০ দিনের মধ্যে শেষ হতে পারে। তবে প্রয়োজন হলে চলমান পরিস্থিতি বিবেচনায় অধিবেশনের সময় বাড়ানো হতে পারে।

এদিকে অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকার নিরাপত্তাবিধি সবাইকে মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসজেএস