ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: অধ্যাপক আনু মুহাম্মদ

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:২৩

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ২০০৬ সালের ২৬ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের পরে জনগণের দাবির ন্যায্যতা মেনে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার জনগণের সাথে ছয় দফা সমঝোতা চুক্তি করেছিলেন। এই চুক্তির ঐতিহাসিক, এর মূল্য অসীম। সেই চুক্তিকে অবজ্ঞা করে ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রী বক্তব্য দায়িত্বহীন।

দিনাজপুরের ফুলবাড়ী দিবস উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখা উদ্যোগে স্থানীয় নিমতলা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ উপরোক্ত কথা বলেন।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন দেশের প্রধানমন্ত্রী, তখন এই চুক্তি ভঙ্গ করে উত্তরবঙ্গ ধ্বংস করে, পানি সম্পদ, আমাদের জমি, ঘনবসতি ধ্বংস করে, আবারও সেই কয়লার দিকে তাদের নজর। ফুলবাড়ীর দিকে তাকালে তারা কয়লা ছাড়া কিছুই দেখে না। কোম্পানি এবং কোম্পানির সহযোগীরা তাদের মুনাফার জন্য দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। এই অঞ্চলের মানুষ ও সারা বাংলাদেশের মানুষ এটা কোনভাবেই মেনে নেবে না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার এই পথে অগ্রসর হলে জনগণ দ্বারা প্রত্যাখ্যান হবে। অবিলম্বে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে ফুলবাড়ীবাসীর সাথে সম্পাদিত ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান তিনি। দাবি পূরণ না হলে এ বছরের মধ্যেই লাগাতার কর্মসূচি নেওয়া হবে।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা হামিদুল হকের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কররেড আব্দুল্লাহ কাফি রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, সাম্যবাদী আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মনজুর আলম মিঠু, ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারুন উর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম সবুজ, স্থানীয়দের মধ্যে সিপিবির এসএম নূরুজ্জামান জামান, কমিউনিস্ট লীগের সঞ্জিত প্রসাদ জিতু, ওয়ার্কার্স পার্টির শফিকুল ইসলাম শিকদার, গণসংহতি আন্দোলনের আব্দুল মোতাল্লেব পাপ্পু, ব্যবসায়ী সমিতির আব্দুল কাইয়ুম আনসারী প্রমুখ।

এর আগে সকালে কালো ব্যাচ ধারন, শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, শোক ব্যালী ও আলোচনা সভার মাধ্যদিয়ে দিনাজপুরে ফুলবাড়ী দিবস পালন করা হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে খন্ডখন্ড মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে ২৬ আগস্টের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

অপরদিকে সকালে ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. মাহমুদ আলম লিটনের নেতৃত্বে সম্মিলিত নাগরিক সমাজ এর ব্যানারে শোক ব্যালী পৌর শহর প্রদক্ষিণ শেষে শহীদ বেদীতে প্রতি শ্রদ্ধাঞ্জি অর্পণ করে।

একইভাবে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে সম্মিতিল পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসী এর ব্যানারে বিক্ষোভ বের হয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জি অর্পণ করা হয়। এ সময় ফুলবাড়ী কয়লাখনি এবং কয়লাখনি এলাকার মানুষকে রক্ষার জন্য শপথ বাক্য পাঠ করান মুরতুজা সরকার মানিক। 

ইত্তেফাক/এএইচপি