নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার খবর ছড়িয়ে পড়ার পর সংগীতশিল্পী তাসরিফ খানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত হয়ে পড়েন। দেশটির উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ফ্ল্যাশ ফ্লাডের মধ্যে তাসরিফ ও তার দলের অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার খবর জানিয়েছেন তিনি।
তাসরিফ জানান, তারা এখনও নেপালেই আছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদ। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দোয়াও করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় বহু পর্যটক নিখোঁজ ও হতাহত হয়েছেন।
তাসরিফের নিরাপত্তার খবর জানতে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য ভক্ত ফোন, মেসেজ ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন। তাদের এই উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শুধু নিজের ও দলের নিরাপত্তার খবরই নয়, বন্যায় আটকে পড়া মানুষের জন্যও উদ্বেগ প্রকাশ করেছেন তাসরিফ। বিপদগ্রস্তদের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সবার কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি।
https://www.facebook.com/share/r/1Dc4X8hUff/
তাসরিফ বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন। সবশেষে নিজের ও দলের জন্যও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
সংগীত ও মানবসেবা দিয়ে নজর কাড়া তাসরিফ খান আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপদে ফেরার অপেক্ষায় আছেন। তাদের সুরক্ষার বিষয়ে নিশ্চিত খবর পেয়ে অবশেষে আশ্বস্ত হয়েছেন চিন্তিত শুভাকাঙ্ক্ষীরা।

