নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক নিহত বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, নেপালের আকস্মিক ও ভয়াবহ বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তবে গতকাল সাময়িকভাবে কাঠমাণ্ডু-পোখারা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় কয়েকজন বাংলাদেশি নাগরিক সেখানে আটকা পড়েছিলেন। পরে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলে তারা নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছান বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, নেপাল সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হয়েছে। বাংলাদেশ সরকার ঘোষিত যেকোনো সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় মতবিনিময় ও কার্যক্রম সমন্বয়ের কাজও করা হচ্ছে।
নেপালের বন্যা ও ভূমিধস পরিস্থিতির ওপর দূতাবাসের নজরদারি অব্যাহত রয়েছে।

