দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর্তমানে তিনি ভারতের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তবে তার ক্যারিয়ারের শুরুটা ছিল খুবই সাধারণ—প্রথম পেশাগত কাজের জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ২ থেকে ৩ হাজার রুপি।
সম্প্রতি অভিনেত্রী ও সঞ্চালক পার্ল মানির সঙ্গে এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ারের শুরুর দিনের কথা জানান নয়নতারা। তিনি বলেন, অভিনয়ে আসার অনেক আগে থেকেই মডেলিং করতেন তিনি। তার প্রথম দিকের একটি মডেলিং কাজই পরে তাকে অভিনয়জগতে প্রবেশের সুযোগ করে দেয়।
প্রথম কাজ সম্পর্কে জানতে চাইলে নয়নতারা জানান, সেটি সম্ভবত ‘ভানিথা’ ম্যাগাজিনের প্রচ্ছদ ফটোশুটের সঙ্গে যুক্ত ছিল। এ ছাড়া একটি ফ্যাশন অনুষ্ঠানেও তাকে ডাকা হয়েছিল। ওই কাজের পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছিলেন আনুমানিক ২ থেকে ৩ হাজার রুপি।
নয়নতারা মূলত অভিনয়ে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা নিয়ে মডেলিং শুরু করেননি। কিন্তু ‘ভানিথা’ ম্যাগাজিনে প্রকাশিত তার একটি ছবি পরিচালক সত্যন অন্তিকাডের নজরে পড়ে। পরে তিনি নয়নতারাকে তার সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। সেই সুযোগই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নয়নতারার। এতে গৌরী চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো সাড়া পায়। এরপর ‘বিস্ময়থুম্বাথু’ ও ‘নাট্টুরাজাভু’-এর মতো মালয়ালম সিনেমায় অভিনয় করেন তিনি।
২০০৫ সালে ‘আয়্যা’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। একই বছর রজনীকান্তের সঙ্গে ‘চন্দ্রমুখী’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। ছবিটির সাফল্যের পর তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে।
এরপর তামিল, তেলুগু ও মালয়ালম—তিন ভাষার সিনেমায় নিয়মিত অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন নয়নতারা। ‘বিল্লা’, ‘ইয়ারাদি নী মোহিনী’, ‘শ্রী রাম রাজ্যম’, ‘রাজা রানি’, ‘মায়া’, ‘নানুম রাউডি ধান’, ‘আরাম’ ও ‘কোলামাভু কোকিলা’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পান তিনি।
ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক ও গ্ল্যামারনির্ভর চরিত্রে বেশি দেখা গেলেও ধীরে ধীরে চরিত্রনির্ভর সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন নয়নতারা। এমন অনেক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যেগুলোর সাফল্য কোনো পুরুষ তারকার উপস্থিতির ওপর নির্ভরশীল ছিল না। এ কারণেই দক্ষিণ ভারতীয় সিনেমায় তার অবস্থান আরও শক্ত হয় এবং তিনি ‘লেডি সুপারস্টার’ নামে পরিচিতি পান।
দক্ষিণী সিনেমায় দীর্ঘ সাফল্যের পর ২০২৩ সালে হিন্দি সিনেমায় অভিষেক হয় নয়নতারার। অ্যাটলির ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পাশাপাশি হিন্দি ভাষাভাষী দর্শকদের মধ্যেও নয়নতারার পরিচিতি বাড়িয়ে দেয়।
ক্যারিয়ারের শুরুতে কয়েক হাজার রুপির পারিশ্রমিক পাওয়া সেই মডেল এখন ভারতের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। মডেলিং থেকে মালয়ালম, তামিল ও তেলুগু সিনেমা হয়ে বলিউড—দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রতিটি ধাপেই নিজের অবস্থান তৈরি করেছেন নয়নতারা।
বর্তমানে তিনি তামিল সিনেমা ‘হাই’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কাভিন। রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন নবাগত পরিচালক বিষ্ণু এদাভান।

