‘বিতর্কিত’ কোচ ও অধিনায়ক ছাড়াই অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৭:১৯

মাঠের বাইরের ঘটনাই আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলার যুবারা। তার আগে বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। 

তবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স, সহকারী কোচ আতিকুর রহমান কিংবা কোনো খেলোয়াড়। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে কথা বলেছেন শুধু টিম ম্যানেজার সামিদ কাশেম।

কোচ জেরার্ড জোন্সকে বরখাস্তের গুঞ্জন, সহকারী কোচের সঙ্গে তার হাতাহাতি, নিরাপত্তা নিয়ে অভিযোগ, বেতন নিয়ে অসন্তোষ—সব মিলিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আগে দলকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক নাটকীয়তা। এরই মাঝে সংবাদ সম্মেলনে কোচের উপস্থিত না থাকা নতুন করে প্রশ্নের জন্ম দেয়। 

কোচের সংবাদ সম্মেলনে না থাকা প্রসঙ্গে ম্যানেজার সামিদ কাশেম বলেন, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেটার তদন্তও চলছে। এই পরিস্থিতিতে আমরা চাইনি কোচদের মিডিয়ার মুখোমুখি করতে।’

গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান জেরার্ড জোন্স। পরে জোন্স নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। ঘটনাটি তদন্ত করছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারেন জোন্স, আতিকুর দুজনই।

ইত্তেফাক/জেডএইচ