টানা তিন জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি)। তবে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে জয়রথ থামে তাদের। তবে এক ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ হারিয়েছে বাংলাদেশ এইচপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডারউইনে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি দল। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে ঝড়ো ইনিংস খেলেন আরিফুল ইসলাম ও সাব্বির রহমান।
আরিফুল ৪৮ বলে ৭১ রান করেন ৭ চার ও ২ ছক্কায়। অন্যদিকে, ৩৬ বলে ৬ চার ও ২ ছক্কায় সাব্বিরের ব্যাট থেকে আসে ৬২ রান। এই দুজন বাদে তৃতীয় সর্বোচ্চ ২৬ রান করেন হাবিবুর রহমান সোহান।
১৮২ রানের লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ড ‘এ’ দল শুরুটা ভালো করলেও মাঝপথে পথ হারিয়ে ফেলে। ওপেনিংয়ে কেটেন ক্লার্ক ২৪, ম্যাক্স চু ৪৪ ও তিনে নামা ম্যাথু বোয়েল ৩১ রান করেন। এরপরে ব্যাটাররা সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ড।
বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান। বাংলাদেশ এইচপির পরের ম্যাচ নর্থান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে। ২৮ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

