বসনিয়া যুদ্ধের সময় গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব জেনারেল রাটকো ম্লাদিচ মারা গেছেন। প্রায় ৮ হাজার মুসলমান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব দেওয়ায় তিনি ‘বসনিয়ার কসাই’ নামেও পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর।
সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এবং বসনিয়ান সার্বদের সরকারি টেলিভিশন ম্লাদিচের মৃত্যুর খবর জানিয়েছে। রয়টার্সকে জাতিসংঘের এক কর্মকর্তাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের কারাগার হাসপাতালেই তার মৃত্যু হয়।
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধে সংঘটিত গণহত্যা ও অন্যান্য নৃশংস অপরাধের দায়ে ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালে জাতিসংঘ ঘোষিত বসনিয়ার একটি ‘নিরাপদ এলাকায়’ অন্তত ৮ হাজার মুসলিমকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে তিনি গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন।
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ নৃশংসতার ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত। পরে ২০১৭ সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে। সে সময় আদালত তার অপরাধকে মানবজাতির কাছে পরিচিত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেছিল।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ম্লাদিচ জীবনের শেষ বছরগুলো কারাগারেই কাটান। জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রা’দ আল হুসেইন তার দণ্ডাদেশের পর ম্লাদিচকে ‘অশুভের প্রতীক’ হিসেবে বর্ণনা করেছিলেন।

