বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে: নাহিদ ইসলাম

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০১:৪৪

সারাদেশে জনগণ অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সংসদে আইনশৃঙ্খলার অবনতির কথা তুলে ধরলে তা নিয়ে কটূক্তি করা হয়েছে এবং স্পিকারও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। এছাড়া বিচ্ছিন্নভাবে মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন এনে তা সরকারি দলের পছন্দমতো পাস করিয়ে নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি একে ‘সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা’ হিসেবে অভিহিত করেন এবং এর প্রতিবাদেই তাদের এই ওয়াকআউট বলে জানান।

সংসদে চরম উত্তেজনা ও অচলাবস্থা:

এর আগে ওয়াকআউটের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ–তাচ্ছিল্য করেছেন—এমন জোরালো অভিযোগে তীব্র আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা। তাদের আপত্তি, হইচই ও হট্টগোলে কিছু সময়ের জন্য সংসদে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়। পরবর্তীতে বিরোধী দলের তীব্র আপত্তির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানালেও সংসদের তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত হয়নি।

ইত্তেফাক/এএম