শয্যাশায়ী প্রীতি জিনতা, ‘কঢ়ী-চাওয়াল’ পাঠালেন প্রতিবেশী

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৫০

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানকালে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। শারীরিক অসুস্থতার এই কঠিন সময়ে এক প্রবাসী প্রতিবেশী পরিবারের অপ্রত্যাশিত ভালোবাসা ও সহমর্মিতায় সিক্ত হয়েছেন তিনি। অভিনেত্রীর শারীরিক দুর্বলতা ও মন খারাপের কথা জানতে পেরে তার মুখে হাসি ফোটাতে প্রিয় ভারতীয় খাবার পাঠিয়ে চমকে দিয়েছে পরিবারটি।

জানা গেছে, এক বন্ধুর মাধ্যমে প্রীতি জিনতার অসুস্থতার খবর পৌঁছায় প্যারিসে বসবাসরত একটি পরিবারের কাছে। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় প্যারিসের একটি বিশেষ রেস্তোরাঁ থেকে তার অত্যন্ত পছন্দের খাবার ‘কঢ়ী-চাওয়াল’ সংগ্রহ করে তার আবাসে পৌঁছে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রিয় খাবারের প্যাকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রীতি।

অপ্রত্যাশিত এই আন্তরিকতার জন্য সংশ্লিষ্ট পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। প্রীতি উল্লেখ করেন, বিশ্বজুড়ে পাঞ্জাবি সংস্কৃতির আতিথেয়তার যে সুখ্যাতি রয়েছে, এই ঘটনা তারই অনন্য এক বহিঃপ্রকাশ। প্রবাসে কাটানো অসুস্থতার দিনে এই উষ্ণ ভালোবাসা ও আন্তরিকতা আজীবন তার স্মৃতিতে থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে প্যারিস ভ্রমণকারীদের জন্য ওই রেস্তোরাঁর খাবারের স্বাদ নেওয়ারও পরামর্শ দেন তিনি।

ব্যক্তিগত জীবনের এই ঘটনার পাশাপাশি কর্মজীবনেও সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন প্রীতি জিনতা। দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে ‘বাটওয়ারা ১৯৪৭’ চলচ্চিত্রের মাধ্যমে রাজকীয়ভাবে রুপালি পর্দায় ফিরেছেন তিনি। প্রখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষী নির্মিত এবং সানি দেওলের বিপরীতে অভিনীত এই ছবিটি গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দীর্ঘ সময় পর ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে শুরুতে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও সহ-অভিনেতা সানি দেওলের সহযোগিতায় শুটিং পর্ব সাবলীলভাবে সম্পন্ন হয়েছিল। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভইয়াজি সুপারহিট’ চলচ্চিত্রে প্রীতিকে সর্বশেষ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

ইত্তেফাক/এনএন