পাকিস্তানের হুমকির মধ্যেই খেলার মাঝেই ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচার

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১২:২৯

ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক লর্ডস টেস্ট চলাকালে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের দুই ছেলের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করেছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম ‘স্কাই স্পোর্টস’। ক্রিকেট ম্যাচের ফাঁকে এই রাজনৈতিক বিষয়বস্তু সম্প্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইএসপিএনক্রিকইনফো ও দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নভোজের (লাঞ্চ) বিরতির সময় এই ঘটনার সূত্রপাত হয়। সাবেক ইংলিশ অধিনায়ক ও প্রখ্যাত ধারাভাষ্যকার মাইকেল আথারটনের নেওয়া ১৮ মিনিটের ওই বিশেষ সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী বাবা ইমরান খানের শারীরিক অবস্থা, নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তার দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খান।

ক্রিকইনফো জানিয়েছে, সাক্ষাৎকারটির প্রচার ঠেকাতে ম্যাচের শুরু থেকেই সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ওপর প্রবল চাপ তৈরি করেছিল পিসিবি। এমনকি এটি সম্প্রচার করা হলে পাকিস্তানি ক্রিকেটাররা লাঞ্চের পর আর মাঠে নামবেন না—এমন বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল পিসিবির পক্ষ থেকে। এই উত্তেজনার কারণে সাক্ষাৎকারটি সম্প্রচারে কিছুটা বিলম্ব ঘটে। তবে পিসিবির হুমকি উপেক্ষা করেই শেষ পর্যন্ত ১৮ মিনিটের পুরো সাক্ষাৎকারটি বিশ্বজুড়ে প্রচার করে স্কাই স্পোর্টস। অবশ্য মাঠের খেলায় কোনো প্রভাব না ফেলে অধিনায়ক শান মাসুদের দল নির্ধারিত সময়েই মাঠে নেমেছিল।

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী রূপকথার নায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইমরান খান দুর্নীতির মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ও দীর্ঘমেয়াদি নির্জন কারাবাসের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গত রোববার ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারকে খোলা চিঠি দেন মাইকেল আথারটনসহ বিশ্বের ২১ জন সাবেক টেস্ট অধিনায়ক। ওই সময় আথারটন মন্তব্য করেছিলেন, ‘রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্বই মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে।’

এদিকে আন্তর্জাতিকভাবে স্কাই স্পোর্টসের মাধ্যমে সাক্ষাৎকারটি বিশ্ববাসী দেখতে পেলেও পাকিস্তানে তা ব্লক করা হয়। দেশটির খেলা সম্প্রচারকারী সরকারি টেলিভিশন ‘পিটিভি’ রাষ্ট্রীয় সেন্সরশিপের আওতায় ইমরান খানের ছেলেদের পুরো সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার থেকে বাদ দিয়ে দেয়।

ইত্তেফাক/এনএন