মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে। গোলাগুলিতে বলাই দাস আহত হন। পরে তাকে আটক করে বিজিবির হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি দল কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে রাতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারিদের থামার জন্য বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে চোরাকারবারি দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বলাই দাস আহত অবস্থায় বিজিবির হাতে আটক হন।
পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

