বিদেশের মাটিতে অসুস্থ হয়ে পড়লে ওষুধের চেয়েও বেশি মনে পড়ে আপনজনদের। জ্বরের সময় পাশে বসে থাকা মা, পছন্দের খাবার এনে দেওয়া কিংবা মমতা নিয়ে ‘কেমন আছ?’ বলে খোঁজ নেওয়া—দেশের বাইরে একা থাকা মানুষের কাছে এমন ছোট ছোট যত্নই হয়ে ওঠে বড় স্বস্তির কারণ।
এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় অভিনেত্রী প্রীতি জিনতা। প্যারিসে অসুস্থ অবস্থায় হঠাৎ তার দরজায় পৌঁছে যায় এক বাক্স প্রিয় পঞ্জাবি খাবার। প্রতিবেশীর এই আন্তরিকতায় যেন কিছুক্ষণের জন্য আপনজনের উষ্ণতাই ফিরে পেলেন অভিনেত্রী।
সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন প্রীতি। খাবারের বাক্স খুলে প্রিয় পাঞ্জাবি খাবার ‘কাড়ি-চাওয়াল’ দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। জানা গেছে, এক বন্ধুর কাছ থেকে প্রীতির অসুস্থতার খবর পেয়ে প্যারিসে বসবাসকারী এক প্রতিবেশী পরিবার বিশেষ একটি দোকান থেকে তার জন্য খাবার পাঠায়।
এই ছোট্ট উদ্যোগে আপ্লুত প্রীতি পরিবারটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ভিডিওতে প্রতিবেশীদের ‘মিষ্টি ও দয়ালু’ বলে উল্লেখ করে তিনি জানান, অসুস্থ অবস্থায় তাদের এই যত্ন তার দিনটাই ভালো করে দিয়েছে। ঘটনাটিকে পঞ্জাবি আতিথেয়তার উষ্ণতার এক সুন্দর উদাহরণ বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন প্রীতি। প্রায় আট বছর পর বড়পর্দায় দেখা গেছে এই অভিনেত্রীকে। সানি দেওলের বিপরীতে ‘বঁটওয়ারা ১৯৪৭’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় ফিরেছেন তিনি।
বিদেশে একা থাকার কষ্টের মধ্যেও এই ছোট্ট ভালোবাসা প্রীতির মনে এনে দিয়েছে আপনজনদের উষ্ণতার অনুভূতি। কাছের মানুষ সবসময় পাশে না থাকলেও, মানবিকতার উষ্ণতা যে দূরত্ব পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়—এই ঘটনাই যেন তার প্রমাণ।

