নতুন পশুপাখি এনে আধুনিক হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৬:৫০

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার (২৮ আগস্ট) সকালে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।

পরিদর্শনকালে তারা চিড়িয়াখানার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে চিড়িয়াখানাটিকে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করার বিষয়ে আলোচনা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরবাসী রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রী এরই মধ্যে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। এবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছেন।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে নতুন রূপে সাজানোর কার্যক্রম আরও এগিয়ে যাবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই চিড়িয়াখানায় নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের বিষয়ে উদ্যোগী হয়েছেন। এর অংশ হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি দল নিয়ে চিড়িয়াখানাটি পরিদর্শন করা হয়েছে।

তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি দল চিড়িয়াখানাটির ফিজিবিলিটি স্টাডি করবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে কীভাবে চিড়িয়াখানাটিকে আরও আকর্ষণীয়, আধুনিক ও দর্শনার্থীবান্ধব করা যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে। বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনার আদলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. সফিকুর রহমান, রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
ইত্তেফাক/এমএএম