নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি জলাশয়ের অংশে গাইডওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, ২০২২ সালে রূপগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে। সড়কের এক পাশে রয়েছে গভীর জলাশয়। জলাশয়ের পাড়সংলগ্ন অংশের মাটি সরে গিয়ে পাকা সড়কের বেশ কিছু অংশ ধসে পড়েছে। কোথাও কোথাও সড়ক এতটাই সরু হয়ে গেছে যে, সেটি এখন অনেকটা আইলে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়কটি দিয়ে টানমুশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন আশপাশের বাসিন্দারা। কিন্তু সড়ক ধসে যাওয়ায় রিকশা, ভ্যান, অটোরিকশা ও প্রাইভেটকার চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে।
তেলিপাড়া, বৈরাগবাড়ি, ছৈয়ালবাড়ি ও টানমুশরী এলাকার বাসিন্দাদের বিকল্প পথে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করছে।
সড়কের পাশে গাইডওয়াল নির্মাণ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নির্মাণকাজে যথাযথ তদারকি ছিল না বলেও অভিযোগ করেন তারা।
তেলিপাড়া গ্রামের হাজী আব্দুর রফিক বলেন, ‘এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।’
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের জন্য তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরেজমিনে পরিদর্শন করে এলাকাবাসীর যাতায়াতের স্বার্থে সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’

