তিন বছর ধরে কারাগারে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যে একাধিক মামলায় কারাদণ্ড পেয়েছেন তিনি। তবে পরিবারের অভিযোগ ঠিকমতো সাক্ষাৎ এবং চিকিৎসা পাচ্ছেন না ইমরান। যা নিয়ে বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটাররাও সরব, চিঠি দিয়েছেন পাকিস্তান সরকারকে।
এরই মাঝে ইংলিশ গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরানের দুই সন্তান কাসিম খান ও সুলাইমান খান। সংবাদমাধ্যম স্কাইয়ের নেওয়া এই সাক্ষাৎকার সম্প্রচারিত হলে ইংল্যান্ডের সঙ্গে চলমান লর্ডস টেস্ট বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আলোচনার সময় স্কাই সাক্ষাৎকারটি প্রচার করতে দেরি করলেও শেষ পর্যন্ত ১৮ মিনিটের ক্লিপটি সম্প্রচার করে। যা নিয়ে পরে ক্ষোভ প্রকাশ করে পিসিবি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া সাক্ষাৎকারটি যখন প্রচার হচ্ছিল, তখনই পাকিস্তানের খেলোয়াড়রা বিকেলের সেশনের প্রস্তুতি হিসেবে মাঠে ওয়ার্ম-আপ শুরু করে দিয়েছিলেন। পরে সামান্য বিলম্বের হুমকি থাকলেও স্বাভাবিকভাবেই খেলা শুরু হয়।
এর আগে স্কাই স্পোর্টসে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার করা হলে লর্ডসে মধ্যাহ্নভোজের পর পাকিস্তান দল আর মাঠে ফিরবে না বলে হুমকি দিয়েছিল পিসিবি।
পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ধারণা করা হচ্ছে, সরকারবিরোধী সমালোচকদের প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়ায় তিনি অসন্তুষ্ট ছিলেন। ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নবিরতিতে সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই। লর্ডসের প্যাভিলিয়নে আগেই ধারণ করা হয়েছিল ওই সাক্ষাৎকার, যেখানে ইমরান খানের একটি প্রতিকৃতি ঝুলছে।

